Sunday, October 16, 2011

পাখি ও অষুধ


রাত জাগা দুটি পাখি

সকালে উঠেই দেখি –
রাত জাগা দুটি পাখি কথা বলে ছিল ;
তাতে কি বা এল গেল !!
যায়নি হয়ত কিছু, আসেনিও কিছু ।
তবু দেখ দুলাইনে গান হয়ে গেল ।
গান তো গেয়েছে পাখি, তোমার কি লাভ !
ছি ছি , বলেনা অমন করে বলাটাও পাপ ।
আমি যে কবিতা আমি অনুভবে চলি ,
যে কথা বলেনা পাখি সে কথাটা বলি ।
পাখি থাকে কবিতার ডানায় ডানায় ,
অনুভুতি ভরা মন কানায় কানায় ।
এদিকে সেদিকে মারে উঁকি –
কোথাও ভাবের কোনো সুযোগ আছে কি !
সকালে পাখির ডাক, দোলা দেয় মনে –
কবিতা ছোট্ট করে লেখে সে গোপনে ।।
           
অষুধ

অষুধ কিসে লাগল তোমার,
অ-সুখ ছিল বুঝি ;
তাই তো আমি এখানে সেখানে –
পদ্য লেখা খুঁজি ।
লেখনী নাও হাতে, যদি দুঃখ পাও খুব,
যদিও আমি দুখ-সাগরে
দিয়েছি অনেক ডুব ।
সুখের দিনে যা পাও ভাল
তবু,
 জানবে মনে মনে ।
দুঃখ যত আঘাত করে, ততই আলো আনে ।।


Friday, September 23, 2011

নাম মাহাত্ম


একটা নাম-
গড়েছে একটা জগত
নামে কি থাকে প্রাণ!
যে শোনে সেই হাসে ।
নামের দাম,
যে জানে সেই জানে।
পাগলপারা যে জন ভালবাসে ।

চোখেতে তার জগত করে বাসা,
ভাবের ঘরে ঠাসা ,
তাকায় না সে ফিরে ।
পাখির মতন নাচে সে শুধু
নামটি ঘিরে ঘিরে ।।

নামের স্রোতে ভাসে-
নামের সাথে গন্ধ আসে,
স্বপ্ন চোখে ভাসে ।

নাম যে আর নামটি শুধু নয়;
নাম যে তার জগতটাকে
করেছে মধুময় ।।

সুন্দরী এক গাছের নাম




কাল এসেছিল ঝড় এই বনে
ভীষণ তান্ডব করে গেছে তারা ,
দেখ কত ভাঙ্গা ডাল পরে আছে,
পরে আছে পাখির ছানারা মুখ থুবরিয়া ।
বড় বড় গাছ সব
কাত হয়ে আছে এক পাশে ,
শিকড় নিয়েছে উপড়িয়ে-
পাগল বাতাসে ।।

একটা একলা গাছ সুন্দরী,
আছে সোজা মাথা উঁচু করে-
যেন পোড়া কাঠ- পাতাহীন ।
মনে হয় বাজ পড়েছিল কাল রাতে,
সুন্দরী গাছ নয় আর,
ওটা প্রাণহীন ।।

ঐ গাছে পাতার আড়ালে,
বাসা করেছিল জোরা পাখি।
বুকে তার ছিল আশা,
ছিল ডাকাডাকি-
পিয়া পিয়া পিয়া ।।
আসছে না সাথী কেন ফিরে ,
পাখির কান্না তাকে ঘিরে ।।
গাছটার গেছে যাক প্রাণ –
প্রকৃতির স্নেহ রূপে বাজ ,
নিভিয়ে দিয়েছে ছোট হিয়া ;
এই বনে ঐ গাছে
ডাকবেনা আর কোনও পাখি
পিয়া পিয়া পিয়া ।।

Thursday, September 22, 2011

প্রেমের জ্বর




ঝরনা ছোটে ঝরনা চলে
পাথর বেয়ে যায়,
মন পাথারে প্রেম বয়ে যায়
প্রেমের পরীক্ষায় ।
ডাইনে বামে দাঁড়িয়ে হতাশ
দাঁড়িয়ে প্রেমিক কুল,

জোর করে তাই প্রেম সাগরে
মন হারালে কুল ।
কাউকে ছোঁয়া আধেক দেওয়া,
কাউকে দেওয়া পুরো ।
প্রেম আগুনে মন পুড়েছে
এবারে তুই জুরো ।

সে আসে ,
সে যায়,
সে থাকে কিছুক্ষণ ,
তারপরে যায় পাথর বেয়ে,
মাড়িয়ে শরীর মন ।

ঝরনা ছোটে ঝরনা চলে
পাথর বেয়ে যায়,
প্রেমের জোয়ার শরীর ছুঁয়ে,
মন ছাড়িয়ে যায় ।

মনের কোনায় ঘুমায় প্রেমিক,
প্রেমিক , প্রেমের জ্বর ;
প্রেম চাস তো শরীর ছেড়ে ,
হৃদয় খুলে ধর ।।

কবির স্বপ্ন পুরাণ




তুমি আসনি কাছে, আসনি কাছে
আসনি কোনোদিন ।
আমি শরীর থেকে বেড়িয়ে গিয়ে

চেয়েছি প্রতিদিন ।

কলম কেউ টেনে ধরে,
গলাটা ধরে চেপে ;
বুকের মাঝে
নানা রকম শব্দ ওঠে কেঁপে ।

তারা চাপাই থেকে যায়-
ভাষা শুধু বলে আমায় ,
হায়রে বন্ধু হায় ।
অণু আর প্রেরণা তোর
জোরা তো লাগেনা –
নতুন কোনও ভাবনা-ঠিকানা
পাওয়া  গেলনা  আর।
মনের আকাশ শুধুই হল ভার ।

মনের আকাশ-বাতাস ভারি হল
ঝড় হলো না-বৃষ্টি উড়ে গেল ।
এলো মেলো শব্দ-বাতাস
মনেই গেল মিশে –
কবি হবার আশা যত
স্বপ্নে গেল ভেসে ।।

লাগাম


লাগাম টেনে ধর বন্ধু লাগাম টেনে ধর ,
মনের কোনায় আপদ ঘুমায় এবার বিদায় কর ।
পদ্ম গন্ধী হৃদয় তোমার সুবাস থাকুক ছেয়ে ।
আপন যে জন হবে না তার থেকোনা পথ চেয়ে ।
কোনও এক অলস সময় পড়বে মনে যদি,
ভেবে নিও কাল যে ছিল আজ সে মরা নদী ।
জীবন তোমার নয় খেলাঘর , নেশার পাত্র নয়,
অপাত্রে হে বন্ধু জীবন আর কোরো না ক্ষয় ।
দেবার পাত্র শেষ হয়েছে আর তো কিছু নেই,
বন্ধু জনের ঘর ভাঙ্গেনি মনের আশা এই ।
বুঝতে আমায় ভুল কোরোনা, তাও বা যদি কর ,
তবুও হে বন্ধু মনের লাগাম টেনে ধরো ।।

Wednesday, September 21, 2011

কিছু কথা


অনেক কথা থমকে গেল তোমার চোখে চেয়ে।
মেঘ করেছে হৃদয় ছেয়ে,
ঝড় উঠেছে মনে,
দুষ্টু হাসি ঝিলিক মারে,
তোমার চোখের কোনে ।

হৃদয় কেন ভারি, কেন বুক করে দূর দূর,
আশঙ্কা সব ভাসিয়ে দিল হাসির সমুদ্দুর ।
কেন এত ভয় , কেন দুঃখ এত কর ,
এ খেলাঘর নয়, জীবন শক্ত হাতে ধর ।
তোমার চোখের ভাষায় ছিল এমনই ইঙ্গিত
থমকে গেল আমার কথা বেদনা সঙ্গীত ।


তুমি আমি সন্ন্যাসী তো নই,
আছে প্রাণে সত্য টুকু চাওয়া ।
চিত্ত পাগল আবেগ প্লাবন স্রোতে ,
তাইতে কেবল তোমার কাছে যাওয়া ।
আকর্ষণটা মন্দ কিনা ভালো ,
একি কেবল ছায়া কিম্বা আলো ,
সত্য এ যে জানি শুধু এই ।
অকপটে স্বীকার যদি করে,
তবে কি আর পাপ সেখানে নেই ।
পাপ-বোধে কি তাকাও না আর চোখে ,
ভাব কি যে মন্দ বলবে লোকে ।
ভয় লজ্জা আমার নেই যে কেন ।
তোমায় যখন দেখি সবার মাঝে ,
হৃদয় বীণার ঝঙ্কারেতে বাজে ,
শুধু মাত্র তুমিই আছ যেন ।
পাপ যদি হয় পাপীই আমি তবে ,
মন্দ বলে বলুক আমায় সবে ।
শুধু তুমি সত্যি টুকু জেন ।
শরীর মন আর হৃদয় দিয়ে চাই ।
তুমি ছাড়া কেউ সেখানে নেই
আমার প্রেমে ফাঁক নেই কো কোন ।